ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

দেশের সম্পদ রক্ষায় জনগণের সরকার প্রয়োজন: তারেক রহমান

reporter

প্রকাশিত: ১০:৩৫:০৭অপরাহ্ন , ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:৩৫:০৭অপরাহ্ন , ১৯ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে নরসিংদীর হেরিটেজ রিসোর্টে আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিশ্চিত করা’ শীর্ষক কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সম্পদ রক্ষায় শক্তিশালী ও জনমুখী সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, দেশে যদি দুর্বল ও জনমুখী সমর্থনহীন একটি সরকার ক্ষমতায় থাকে, তাহলে দেশের অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদ লুটপাটের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তিনি আরও বলেন, এ দেশের সম্পদের দিকে অনেকেই লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা গেলে তা তাদের স্বার্থে সহায়ক হবে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের জন্য কাজ করা একটি শক্তিশালী সরকারের প্রয়োজন।

তিনি বিএনপির নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন যে, সামনে চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি। গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াই অব্যাহত রাখতে হবে। তারেক রহমান বলেন, বিএনপি হলো সেই দল, যার নেতা স্বাধীনতার জন্য শুধু ডাক দিয়ে ঘরে বসে থাকেননি, যুদ্ধ করেছেন। দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে এ দেশের উন্নয়নে নিজ হাতে কাজ করেছেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে পর্যন্ত বিএনপির সংগ্রাম ছিল স্বৈরাচারকে সরিয়ে দেওয়ার। বাংলাদেশে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অংশগ্রহণে স্বৈরাচার পতনের যে সফলতা এসেছে, তা দেশকে একটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়ে গেছে। এখন এই সংগ্রাম দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার সংগ্রাম।

তারেক রহমান বলেন, দেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে একমাত্র বিএনপি। দেশের মানুষের কল্যাণে এবং তাদের স্বার্থ সুরক্ষায় জনমুখী সরকার অত্যন্ত জরুরি। এমন একটি সরকারকেই ক্ষমতায় আনতে হবে, যারা জনগণের কথা বলবে, তাদের কল্যাণে কাজ করবে এবং দেশের সার্বিক উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এছাড়া তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহত্রাণবিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন এবং নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনুজর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

সম্মেলনে নেতারা বলেন, দেশের স্বার্থে এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় রাষ্ট্রকাঠামোর সংস্কার অপরিহার্য। দেশের ভবিষ্যৎ সুরক্ষায় বিএনপির প্রস্তাবিত ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

reporter