ছবি: ফাইল ছবি
নবনির্বাচিত সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ শুরু হচ্ছে, যা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন বসবে। অধিবেশনের প্রথম দিনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়েই ঐতিহাসিক এই অধিবেশনের সূচনা হবে। সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী সাধারণত বিদায়ী স্পিকার অথবা ডেপুটি স্পিকার নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পরিস্থিতি ভিন্ন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকায় স্পিকারের আসন শূন্য রেখেই এবারের সংসদ অধিবেশন শুরু হচ্ছে। এই প্রেক্ষাপটে অধিবেশন পরিচালনার জন্য একটি ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হবে। সংসদ সূত্রে জানা গেছে, অধিবেশনের শুরুতে সংসদ নেতা একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন যিনি সাময়িকভাবে সভাপতিত্ব করবেন। আরেকজন সদস্য সেই প্রস্তাব সমর্থন করার পর ওই জ্যেষ্ঠ সদস্যের সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। সংসদের প্রথম দিনের কার্যসূচি অনুযায়ী পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হবে। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার পদে একাধিক প্রার্থী না থাকলে কণ্ঠভোটের মাধ্যমে তাদের নির্বাচন সম্পন্ন হবে। নির্বাচনের পর প্রায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হবে এবং এই সময়ের মধ্যেই সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে সংসদের মূল কার্যক্রম শুরু হবে। প্রথম অধিবেশনে সংসদের সভাপতিমণ্ডলীর জন্য পাঁচ সদস্যের একটি প্যানেল মনোনয়ন করা হবে এবং সংসদের পক্ষ থেকে শোক প্রস্তাব উত্থাপন করা হবে। একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের মেয়াদে জারি করা প্রায় ১৩০টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। এসব অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যারা পরবর্তীতে অধ্যাদেশগুলোর বিষয়ে সুপারিশ দেবে। সংবিধানের বিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশন এবং নতুন সংসদের প্রথম অধিবেশন হওয়ায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই প্রথম দিনের অধিবেশন মুলতবি করা হবে। এদিকে ডেপুটি স্পিকার পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার সাধারণত সরকারি দল থেকেই নির্বাচিত হন। তবে নতুন রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে ‘জুলাই জাতীয় সনদ’ অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি সামনে এসেছে। সেই প্রেক্ষাপটে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে আপাতত সেই প্রস্তাব গ্রহণ করেনি দলটি। দলটির সংসদীয় বৈঠকে এই বিষয়ে আলোচনা শেষে জানানো হয়েছে, আগে জুলাই সনদের বিষয়টি সংসদে নিষ্পত্তি হওয়া প্রয়োজন, এরপর তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবে। অন্যদিকে স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপরই ছেড়ে দিয়েছে বিএনপির সংসদীয় দল। এ নিয়ে দলের প্রথম সংসদীয় বৈঠকে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য সংসদ নেতাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯টি আসনসহ জোটগতভাবে মোট ২১২টি আসন পেয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৬টি আসন, যার মধ্যে দলটি এককভাবে ৬৮টি আসনে বিজয়ী হয়েছে। এবারের সংসদের আরেকটি বিশেষ দিক হলো সদস্যদের বড় একটি অংশ নতুন। সরকারি ও বিরোধী দল মিলিয়ে প্রায় ৭৬ শতাংশ সদস্য প্রথমবারের মতো সংসদে নির্বাচিত হয়েছেন। ফলে সংসদীয় রীতিনীতি, বিতর্ক ও কার্যক্রমে নতুনত্ব এবং ভিন্ন ধরণের রাজনৈতিক সংস্কৃতির সম্ভাবনা নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সদস্যদের অংশগ্রহণ এবং পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার কারণে ত্রয়োদশ সংসদ দেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে।
reporter

