ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৮ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

reporter

প্রকাশিত: ১২:১৮:৩৫অপরাহ্ন , ২৭ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:১৮:৩৫অপরাহ্ন , ২৭ ডিসেম্বর ২০২৫

সকাল পৌনে ৭টায় যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার

ছবি: সকাল পৌনে ৭টায় যশোরের তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার

দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শনিবার সকাল পৌনে ৭টায় জেলায় তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। টানা শৈত্যপ্রবাহ ও উত্তরের হিমেল হাওয়ায় যশোরসহ আশপাশের এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

দিনের মধ্যভাগে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে কৃষিকাজে এর প্রভাব স্পষ্ট। ভোরে মাঠে নামতে না পারায় অনেক কৃষক সকাল ৯টা বা ১০টার আগে কাজে যেতে পারছেন না। বর্তমানে আলু ও বোরো ধান রোপণ এবং পরিচর্যার মৌসুম চলায় শীত কৃষকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।

শ্রমজীবীদের কষ্ট বেড়েছে

যশোর শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন যেখানে শত শত মানুষ শ্রম বিক্রির আশায় জড়ো হন, সেখানে প্রচণ্ড শীতের কারণে শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেকেই কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন, কেউ কেউ দীর্ঘ সময় অপেক্ষা করেও কাজ পাচ্ছেন না। দিনমজুরদের ভাষ্য, শীতের সময় একদিন কাজ মিললেও পরের কয়েক দিন কাজ থাকে না, ফলে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

ঠান্ডাজনিত রোগের প্রকোপ

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগও বৃদ্ধি পেয়েছে। জ্বর, সর্দি, কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। চিকিৎসকেরা শীতকালীন রোগ থেকে বাঁচতে গরম কাপড় ব্যবহার, গরম পানি পান এবং প্রয়োজন ছাড়া ভোরে বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন।

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, যশোরসহ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা থাকলেও কুয়াশার কারণে ঠান্ডার অনুভূতি আরও কিছুদিন বজায় থাকতে পারে।

reporter