ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

গণঅভ্যুত্থানের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা

reporter

প্রকাশিত: ১০:৪৩:২৫অপরাহ্ন , ১০ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:৪৩:২৫অপরাহ্ন , ১০ ডিসেম্বর ২০২৪

আন্দোলনে অংশ নেওয়া নারীদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ছবি: আন্দোলনে অংশ নেওয়া নারীদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জুলাই-আগস্টে সংঘটিত বাংলাদেশের অভূতপূর্ব গণঅভ্যুত্থানে নারীদের অসামান্য অংশগ্রহণ দেশের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে। সেই আন্দোলনে অংশগ্রহণকারী সাহসী নারীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিপ্লবী নারীদের সঙ্গে দেখা করেন। “জুলাইয়ের কন্যারা... আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না” শিরোনামের এ আয়োজনে নারীরা তাদের আন্দোলনের অভিজ্ঞতা, আশা এবং দাবি তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, “আজকের দিনটি উচ্ছ্বাস, ক্ষোভ, এবং আবেগ প্রকাশের দিন। উচ্ছ্বাস ও ক্ষোভ আমাদের জীবনের অংশ, এগুলো আমাদের এগিয়ে যেতে প্রেরণা দেয়। এই শক্তি আমাদের সবসময় থাকতে হবে।” তিনি বলেন, “তোমাদের সাহসিকতা বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। তোমাদের অর্জন দেশের পরিবর্তনের জন্য এক অনন্য দৃষ্টান্ত।”

জুলাই-আগস্টের আন্দোলনকে বিশ্বে নজিরবিহীন উল্লেখ করে ড. ইউনূস বলেন, “পৃথিবীতে বহু আন্দোলন হয়েছে, কিন্তু এটি ছিল একেবারে ভিন্ন। তোমরা নিজেরা এই আন্দোলন গড়ে তুলেছ। কোনো বড় নেতা নির্দেশ দেয়নি; এটি ছিল তোমাদের স্বতঃস্ফূর্ত উদ্যোগ।”

তিনি আরও বলেন, “স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মজীবী নারী থেকে শুরু করে গৃহস্থালী নারীরাও এই আন্দোলনে অংশ নিয়েছে। সবাই মিলে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। এই আন্দোলন ৫ আগস্টের আগের বাংলাদেশের তুলনায় একটি নতুন বাংলাদেশ তৈরি করেছে। তোমাদের এই পরিবর্তনের অঙ্গীকার ধরে রাখতে হবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, “আজ তোমাদের সঙ্গে দেখা করা আমার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তোমরা যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়েছ, তা শুধু দেশের নয়, বিশ্ব ইতিহাসের অংশ হয়ে থাকবে। তোমাদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না।”

জুলাই বিপ্লবের কন্যাদের স্মরণে আয়োজিত এ নারী সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কর্মক্ষেত্র এবং বিভিন্ন পেশার নারীরা অংশ নেন। বিশেষ করে আন্দোলনের সময় সক্রিয় ভূমিকা পালনকারী ছাত্রীরা এ আয়োজনে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা সবাইকে দেশ গঠনের আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, “এই নতুন বাংলাদেশের জন্য তোমরা যে প্রতিজ্ঞা নিয়েছ, তা শক্ত হাতে ধরে রাখো। তোমাদের সাহস ও ঐক্যই আমাদের ভবিষ্যৎ আলোকিত করবে।”

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রেস উইং জানায়, জুলাই বিপ্লবের সাহসী নারীদের অবদান স্মরণ করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি নারীদের আন্দোলন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।

reporter