ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

হাতিয়ায় বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থকদের হামলা, আহত ৪

reporter

প্রকাশিত: ০১:৩২:১৪অপরাহ্ন , ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৩২:১৪অপরাহ্ন , ২১ ডিসেম্বর ২০২৫

হামলার পর পড়ে রয়েছে বিএনপির কার্যালয়ের ভাঙা চেয়ার। গতকাল রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের ভৈরব বাজারে

ছবি: হামলার পর পড়ে রয়েছে বিএনপির কার্যালয়ের ভাঙা চেয়ার। গতকাল রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নের ভৈরব বাজারে

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির একটি ওয়ার্ড কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার চর কিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে এ ঘটনা ঘটে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের চারজন নেতা-কর্মী আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চর কিং ইউনিয়নের ব্রিজবাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৩ ডিসেম্বর রাত আটটার দিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারীকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় মোজাক্কের বারী বাদী হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহেরসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ মামলার তদন্তের জন্য ঘটনাস্থলে যায়।

বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, পুলিশ তদন্ত শেষে চলে যাওয়ার পর আবু তাহেরের অনুসারীরা ভৈরব বাজারে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এতে চর কিং ইউনিয়ন কৃষক দলের সদস্য মো. সাহারাজ (৩২), ইউনিয়ন যুবদলের কর্মী মো. রুবেল (৩৫), মো. মনির (৩৫) এবং হাতিয়া উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ কমিটির সদস্য কবির উদ্দিন (৪৮) আহত হন।

আহতদের মধ্যে সাহারাজকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মো. শামীম উদ্দিন জানান, শনিবার রাতে হামলায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর চিকিৎসা চলছে।

চর কিং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক্কের বারী বলেন, পুলিশকে তথ্য দেওয়ার পরই বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, এতে চারজন আহত হন।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা আবু তাহেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকে তিনি ও তাঁর অনুসারীরা এলাকায় নেই।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগে স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং সে বিষয়ে একটি মামলা রয়েছে। তবে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

reporter