ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি

reporter

প্রকাশিত: ০৭:৫০:২৮অপরাহ্ন , ০২ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৭:৫০:২৮অপরাহ্ন , ০২ জানুয়ারী ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি

ছবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি

বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামকে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। আজ বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক গেজেট প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে তার আগমনের তারিখ থেকে কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করা হলো।

এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত প্রস্তাব অনুসারে এই ঘোষণা করা হয়েছে। নজরুলকে জাতীয় কবি হিসেবে মর্যাদা প্রদানের বিষয়টি ইতোমধ্যেই জনগণের মধ্যে প্রতিষ্ঠিত সত্য এবং এই প্রজ্ঞাপনের মাধ্যমে তা রাষ্ট্রীয় স্বীকৃতি পেল।

১৯৭২ সালের ২৪ মে সরকারিভাবে কবি কাজী নজরুল ইসলামকে কলকাতা থেকে ঢাকায় আনা হয়। তার পরিবারসহ ঢাকায় বসবাসের জন্য ধানমন্ডির ২৮ নম্বর সড়কের একটি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। ১৯৭৬ সালের জানুয়ারিতে কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় এবং একই বছরের ২১ ফেব্রুয়ারি তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামের বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডি. লিট উপাধি প্রদান করে। তবে শারীরিক অসুস্থতার কারণে সমাবর্তন অনুষ্ঠানে তার উপস্থিতি সম্ভব হয়নি। পরে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বঙ্গভবনে রাষ্ট্রপতির মাধ্যমে একটি বিশেষ অনুষ্ঠানে এই উপাধি কবিকে প্রদান করা হয়।

বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবি ঘোষণার প্রত্যাশা করছিল। আজকের এই প্রজ্ঞাপন সেই প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে।

reporter