ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সাবেক কাউন্সিলর টিপু হত্যাকাণ্ড: স্ত্রী বলছেন পূর্বশত্রুতার ফসল

reporter

প্রকাশিত: ০৮:০১:১১অপরাহ্ন , ১০ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৮:০১:১১অপরাহ্ন , ১০ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার আগে স্ত্রী ও সন্তানদের খোঁজ নিয়েছিলেন খুলনার সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী টিপু। তার স্ত্রী সাবিহা আক্তার জানান, মাগরিবের নামাজের পর টিপু তাকে ফোন দিয়ে জানতে চান, নামাজ পড়া হয়েছে কিনা এবং সন্তানরা কোথায়। সেদিনই রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

সাবিহা আক্তার জানান, তার স্বামীকে হত্যার পেছনে মূল পরিকল্পনাকারী গাজী কামরুল। একসময়ের শীর্ষ চরমপন্থি এই নেতা বিভিন্ন সময় তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী তার স্বামীকে কক্সবাজারে নিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার সকালে খুলনা মহানগরীর দেয়ানা এলাকার বাড়িতে গেলে পরিবারের শোকের দৃশ্য দেখা যায়। বাড়ির সামনে মানুষের ভিড়, আর ভেতরে পরিবারের সদস্যদের আর্তনাদে শোকের ছায়া। নিহত টিপুর বৃদ্ধ পিতা গোলাম আকবর ছেলের মৃত্যুতে বাকরুদ্ধ। সদ্য পিতৃহারা ছেলে তাসিন রব্বানী রাহাতও যেন শোকবিহ্বল। খুলনা সরকারি ল্যাবরেটরি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র রাহাত আর কোনো কথা বলতে পারছে না।

পরিবারের সদস্যরা জানান, টিপু কক্সবাজারে মাছ ও লবণের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার কক্সবাজারে নিয়মিত যাতায়াত ছিল। বর্তমানে জমিজমা ব্যবসা করলেও পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের ধারণা। তার বড় ভাই গোলাম রসুল বাদশা বলেন, দৌলতপুর ও পাবলাকেন্দ্রিক শত্রুরাই পরিকল্পনা করে তাকে হত্যা করেছে।

স্থানীয়রা জানান, গোলাম রাব্বানী টিপু এলাকার একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তিনি মানুষের সালিশ-দরবার করতেন। তবে তার জনপ্রিয়তা অনেকের কাছে ছিল অসহনীয়। শত্রুতার কারণে সব সময় দলবল ও অস্ত্রসহ চলাফেরা করতেন। এলাকায় তার অনেক শত্রু ছিল।

তদন্তে জানা যায়, মঙ্গলবার ঢাকায় থেকে কেসিসির সদ্য অপসারিত আরেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালুর সঙ্গে কক্সবাজার যান টিপু। বুধবার সকালে তারা কক্সবাজারে পৌঁছান এবং একটি হোটেলে অবস্থান করেন। সন্ধ্যা পর্যন্ত হোটেলেই ছিলেন তারা। রাত ৮টা ২০ মিনিটে হোটেল সীগালের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, টিপুর বিরুদ্ধে দুটি হত্যাকাণ্ডসহ কয়েকটি মামলা ছিল। তবে বর্তমানে তার নামে কোনো মামলা নেই। এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে। টিপুর লাশ এখনো কক্সবাজারে রয়েছে এবং বাড়িতে পৌঁছায়নি।

নিহত টিপুর বৃদ্ধ পিতা গোলাম আকবর বলেন, আমার ছেলে খুব ভালো মানুষ ছিল। সে মানুষের উপকার করত। কারও কোনো ক্ষতি করেনি। তাকে কৌশলে কক্সবাজারে নিয়ে হত্যা করা হয়েছে। আমি এই শোক কীভাবে সহ্য করব, তা জানি না।

reporter